নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হক টাওয়ারের নবম তলায় অবস্থিত মিড নাইট আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
নোয়াখালী জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. নূরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ছয়জনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এলাকার মো. সাইফুল (৩২), মো. ইকবাল হোসেন (২৮) ও মো. সাদ্দাম হোসেন (৩৭); নোয়াখালী সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জহিরুল ইসলাম জুয়েল (২৫); এবং বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর এলাকার সাকিবুল ইসলাম (৩০) ও মো. নিজাম (৩০)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের এসব তথ্য জানান।
মন্তব্য