সকালের বার্তাঃ-
টাঙ্গাইলে রাজস্ব ব্যবস্থাপনা, ভূমি ব্যবস্থাপনা ও সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে জেলা পর্যায়ে বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদের সভাপতিত্বে এসব সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি সম্পত্তি জবরদখল পুনরুদ্ধার, জেলা খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত, ওয়াক্ফ সম্পত্তি ব্যবস্থাপনা, জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা এবং জেলা নদী রক্ষা কমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া পুরাতন সরকারি মালামাল ও গাছ নিলামসংক্রান্ত বিষয়েও আলোচনা হয়।
সভায় সরকারি সম্পত্তির সুরক্ষা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা, অবৈধ দখলদারত্ব প্রতিরোধ, খাসজমির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিদ্যমান আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ওয়াক্ফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, সরকারি সম্পদের স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক নিলাম কার্যক্রম এবং রাজস্ব আদায় বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সরকারি সম্পত্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলার সরকারি সম্পদ সংরক্ষণ, রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য