২৬ অক্টোবর ২০২৬

পারস্পরিক দ্বন্দ্বে নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্ভাবনা কাজে লাগাতে হবে —আল্লামা মামুনুল হক

facebook twitter whatsapp

ছবি: পারস্পরিক দ্বন্দ্বে নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্ভাবনা কাজে লাগাতে হবে —আল্লামা মামুনুল হক

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (IIUM) বাংলাদেশী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

আজ (২৩ অক্টোবর'২৬) শুক্রবার মালয়েশিয়ার সময় সন্ধ্যা ৭.৩০-এ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (IIUM) বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক মিটআপ অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

আল্লামা মামুনুল হক বলেন, ইসলামপন্থীদের মধ্যে কলহ, দ্বন্দ্ব, বিবাদ ও আত্মঘাতী প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। এ সংকটের সমাধান কেবল সহজ কিছু কথা বলা, তাৎক্ষণিক জবাব দেওয়া কিংবা কারও ওপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়। এ জন্য সংকটের গভীরে প্রবেশ করে এর কারণগুলো উপলব্ধি করা এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও বিরোধ রয়েছে। মতপার্থক্যের ক্ষেত্রে ‘মতভিন্নতার সঙ্গে ঐক্য’—এই বহুল প্রচলিত নীতির চর্চার পাশাপাশি গুরুতর বিরোধের জায়গাগুলো চিহ্নিত করে সেগুলো নিরসনের উদ্যোগ নেওয়া জরুরি। ইসলামপন্থীদের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা এবং ইসলামী চেতনার যে জাগরণ সৃষ্টি হয়েছে, তার পেছনে রয়েছে দীর্ঘ প্রায় অর্ধশতাব্দীর প্রচেষ্টা। এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে ইসলামপন্থীদের পারস্পরিক বিরোধ ও বিভেদ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার পথ তৈরি করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সংসদ সদস্য মাওলানা মোহাম্মদুল্লাহ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সালসহ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।
 

Related Articles